প্রচ্ছদ > রাজনীতি > বিএনপি

ঠাকুরগাঁওয়ে ৫৯০ নারী পেলেন ‘ফ্যামিলি কার্ড’

article-img

​ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এ প্রকল্পের আওতায় ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের ৫৯০ দরিদ্র নারীকে সুবিধাভোগী হিসেবে নির্বাচন করা হয়েছে। 

মঙ্গলবার (১০ মার্চ) সকালে রহিমানপুর সম্মিলিত ঈদগাঁ আলীম মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

​কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের এমপি ডা. আব্দুস সালাম, জেলা প্রশাসক ইশরাত ফারজানা প্রমুখ। 

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকার সারা দেশে এ বিশেষ পাইলট প্রকল্প শুরু করেছে। প্রাথমিকভাবে শর্তসাপেক্ষে দেশের ১৪টি উপজেলায় বিভিন্ন ইউনিয়নে এ কার্ড বিতরণের কাজ চলছে। এর অংশ হিসেবে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে এ কর্মসূচি চালু হল।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম জানান, একটি বিশেষ কমিটির তত্ত্বাবধানে প্রতিটি বাড়ি থেকে তথ্য সংগ্রহ করে প্রাথমিক জরিপ চালানো হয়। ​প্রাথমিক তালিকায় ২ নাম্বার ওয়ার্ডের ১ হাজার ৩৫ নারীর নাম এসেছিল। আইডি কার্ডের জটিলতা কাটিয়ে ১ হাজার ১০ জনের তথ্য সার্ভারে আপলোড করা হয়। পরবর্তীতে মন্ত্রণালয়ের অ্যাপের মাধ্যমে স্বয়ংক্রিয় স্কোরের ভিত্তিতে ৫৯০ যোগ্য নারীকে নির্বাচিত করা হয়েছে।

​ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা জানান, তথ্যের যথার্থতা নিশ্চিত করতে প্রতিটি ধাপে সর্বোচ্চ সতর্কতা ও স্বচ্ছতা বজায় রাখা হয়েছে।

​সুবিধাভোগীদের চোখে জল, মুখে হাসি। 

​কার্ড হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রহিমানপুর গ্রামের ৫০ বছর বয়সি মারজিনা বেগম। তিনি বলেন, আমার স্বামী স্থায়ী কোনো কাজ করেন না। এ কার্ড পাওয়ায় অন্তত এখন থেকে নিত্যদিনের চাল-ডাল কেনার চিন্তা কিছুটা কমল। এজন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

​বর্গাচাষী পরিবারের রাজিয়া সুলতানা (৩২) জানান, তাদের তিন সন্তান পড়াশোনা করছে। এ ভাতার টাকা সন্তানদের পড়াশোনা ও সংসার চালাতে বড় সহায়তা হবে। 


আরো খবর